যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আসন্ন ফিফা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের জাতীয় ফুটবল দল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধ এখন সাময়িক যুদ্ধবিরতিতে থাকলেও উত্তেজনা কমেনি। দেশে স্বাভাবিক পরিবেশ না থাকায় দলটি ১৮ মে থেকে তুরস্কের আন্তালিয়ায় অনুশীলন করছে। খেলোয়াড়রা জানিয়েছেন, যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
যুদ্ধের প্রভাব পড়েছে প্রশাসনিক প্রক্রিয়াতেও। আঙ্কারায় মার্কিন দূতাবাসে আবেদন করেও ইরানি ফুটবলাররা এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি, যদিও তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা। ইরানের অনুরোধে ফিফা শেষ মুহূর্তে দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়। মেক্সিকান দূতাবাস থেকে দ্রুত ভিসা পাওয়ায় দলটি রোববার মেক্সিকোর উদ্দেশে রওনা হবে। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় পরিস্থিতি কেমন হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
ইরানের প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে, যেখানে বড় ইরানি প্রবাসী জনগোষ্ঠী বাস করে। খেলোয়াড়রা আশা করছেন, প্রবাসীরা মাঠে এসে দলকে সমর্থন দেবেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন।