মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের হামলার আশঙ্কা নিয়ে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সিবিএস নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে দুই সাবেক সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনা করেন। হোমল্যান্ড সিকিউরিটির সাবেক কর্মকর্তা স্যাম ভিনোগ্রাড বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য ‘বহুমাত্রিক হুমকি’ এবং তারা শারীরিক হামলা ছাড়াও সাইবার আক্রমণ ও তথ্যযুদ্ধের মাধ্যমে ক্ষতি করতে পারে।
ভিনোগ্রাড জানান, ইরান বিভিন্ন প্রক্সি গোষ্ঠী, রাষ্ট্রীয় এজেন্ট এবং যুক্তরাষ্ট্রের ভেতরের নেটওয়ার্ক ব্যবহার করতে পারে, এমনকি স্থানীয় অপরাধীদের অর্থ দিয়ে হামলার মতো কাজও করাতে পারে। প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে এক ব্যক্তির বিচার চলছে, যিনি ইরানের রেভল্যুশনারি গার্ডের হয়ে মার্কিন রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত। সিআইএর সাবেক কর্মকর্তা জো জেকস বলেন, ইরানের লক্ষ্য হতে পারে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেওয়া এবং নিজেদের আক্রমণক্ষমতা প্রদর্শন করা।
তিনি আরও সতর্ক করেন, সম্ভাব্য হামলা সাইবার আক্রমণের মাধ্যমেও হতে পারে, যা হুমকির পরিধি আরও বিস্তৃত করে।