শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা প্রদান করেন।
মন্ত্রী বিভিন্ন পরীক্ষাকক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।