প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন যে পূর্ববর্তী ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার একটি বিশেষ দেশ ও স্বার্থান্বেষী গোষ্ঠীর সুবিধার্থে বাংলাদেশের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করেছিল। বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার অন্য দেশের এজেন্ডা বাস্তবায়নে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে এবং চিকিৎসা খাতকে পঙ্গু করে বিদেশি বাণিজ্যিক স্বার্থে তুলে দেয়। তিনি সংসদকে আশ্বস্ত করেন যে বর্তমান সরকার শিক্ষা ও চিকিৎসা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার মহাপরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আরও জানান, সরকার আধুনিক ও মানবিক শিক্ষা নিশ্চিত করতে বিতর্কিত সিলেবাস অপসারণ, মানসম্মত উপকরণ সরবরাহ এবং শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে। চলতি বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী পাঁচ বছরে চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে।