সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ গোপন বৈঠকে অংশ নিতে অঘোষিত সফরে মস্কো গেছেন। রাশিয়ার রাজধানীতে মার্কিন সামরিক বাহিনীর একটি বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণের পর তাঁর সফরের খবর জানা যায়। সফরের উদ্দেশ্য, কার সঙ্গে বৈঠক কিংবা আলোচ্য বিষয় নিয়ে ওয়াশিংটন বা মস্কো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ইউক্রেন যুদ্ধকে ঘিরে দুই দেশের সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ থাকার মধ্যেই সফরটি হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যে দেখা গেছে, মঙ্গলবার একটি বড় মার্কিন সামরিক বিমান যুক্তরাষ্ট্র থেকে লাটভিয়া হয়ে রাশিয়ায় যায় এবং পরে মস্কো থেকে রিগায় ফিরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে বিমানটিকে ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যেতে এবং মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক গাড়িবহর চলতে দেখা গেছে। তবে ওই বহরে র্যাটক্লিফ ছিলেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা সিবিএসকে বলেছেন, কিয়েভকে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের মস্কো সফরের কথা জানানো হয়েছিল এবং প্রতিনিধিদল রাশিয়া না ছাড়ানো পর্যন্ত হামলা স্থগিত রাখতে অনুরোধ করা হয়। সাবেক ব্রিটিশ সামরিক অ্যাটাশে জন ফোরম্যান সফরটি উত্তেজনা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মন্তব্য করেছেন। রাশিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়ও আলোচনায় আসতে পারে বলে তিনি মনে করেন।