প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিশেষভাবে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এ খাতে সৌদি কোম্পানির বিনিয়োগ উভয় দেশের জন্য লাভজনক হবে। বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে একমত হয়। সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং সম্পর্ক জোরদারে সৌদি আরবের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
সৌদি আরব প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানান এল-খেরেইজি। তিনি সৌদি উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। বৈঠকের শেষে তিনি প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান; প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে সফরের আশা প্রকাশ করেন।