বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার উদার ও গণতান্ত্রিক দৃষ্টিতে না দেখে রাজনৈতিক সংকীর্ণতার সঙ্গে মূল্যায়ন করছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি এই অংশগ্রহণকে সরকারের কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ হিসেবে বর্ণনা করেন।
আযাদ বলেন, সরকারের একজন মন্ত্রিপরিষদ সদস্য ৭০ অনুচ্ছেদ বহাল রেখে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধীদলের সংবিধান সংস্কার পরিষদে নেওয়া শপথ টেকে না বলে মন্তব্য করেছেন। এ যুক্তি গ্রহণযোগ্য হলে সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ কীভাবে বৈধ থাকে, সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালে সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
তিনি বলেন, নির্বাচনের ফল আগে থেকেই জানা থাকলেও জনগণের সামনে অবস্থান স্পষ্ট করা এবং গণতন্ত্রের দাবি জোরালো করতেই বিরোধীরা অংশ নিয়েছে। তাঁর দাবি, এতে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা জনগণ নতুন করে উপলব্ধি করেছে। তিনি গণভোটের রায় বাস্তবায়ন ও প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।