ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসের পদত্যাগ দাবি করেছেন। গত সপ্তাহে শুরু হওয়া দলের ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির অংশ হিসেবে একটি স্কুল পরিদর্শনের পর তিনি বলেন, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষার্থীরা মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাঁর অভিযোগ, বহু স্কুলে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বেঞ্চ, টয়লেট ও নিরাপদ যাতায়াতের রাস্তা নেই।
দিপকে অভিযোগ করেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হচ্ছে না, বরং মন্ত্রীদের কুকুরও তাদের চেয়ে ভালো সুবিধা পায়। ভোট চাইতে আসার আগে নেতাদের স্কুলের সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তিনি শিক্ষা প্রশ্নে জবাবদিহি দাবি করেন। ধর্মকেন্দ্রিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেওয়া দরকার।
সরকারি স্কুলের প্রকৃত অবস্থা বুঝতে মন্ত্রী ও বিধায়কদের নিজেদের সন্তানদের সেখানে পড়ানো উচিত বলেও মন্তব্য করেন দিপকে। তাঁর ভাষ্য, অনেক শিক্ষার্থী এখনও ফুটো টিনের ছাদের নিচে ও পর্যাপ্ত বেঞ্চ ছাড়া পড়ছে এবং কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যায়। সাপের কামড়ে শিশু মৃত্যুর অভিযোগ ও একটি স্কুলের পেছনে আবর্জনা জমে সাপের উপযোগী পরিবেশ তৈরির কথাও তিনি উল্লেখ করেন। সিজেপির পরিদর্শনের পর কিছু স্কুলে কাজ শুরু হয়েছে বলে তিনি দাবি করেন।