শীতকালীন বায়ুদূষণ মোকাবিলায় দিল্লি একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে, যার আওতায় সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। সোমবার ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর পরিকল্পনাটি জানানো হয়। বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, পরিবেশমন্ত্রী মণিন্দর সিরসা এবং বায়ুমান ব্যবস্থাপনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে রাজধানীর বাইরে নিবন্ধিত যেসব গাড়ি বিএস-সিক্স নির্গমন মানদণ্ড পূরণ করবে না, সেগুলোর দিল্লিতে প্রবেশে বিধিনিষেধ থাকবে। শীতকালীন দূষণের সময়কে কেন্দ্র করেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দূষণমুক্ত হওয়ার সনদ না থাকলে কোনো গাড়িতে জ্বালানি দেওয়া হবে না। স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ সুবিধাসম্পন্ন সব ৫০০টি জ্বালানি স্টেশনে এই নিয়ম কার্যকর হবে। বিধিনিষেধগুলো ১ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।