কুষ্টিয়ার মিরপুরে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রাজিব কুমার ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় দেন। রাজিবের বয়স ২৫ বছর এবং তিনি মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের জয় ঘোষের ছেলে।
আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদায় হওয়া জরিমানার অর্থ ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার সূত্র অনুযায়ী, রাজিব দীর্ঘদিন স্কুলে যাতায়াতের পথে কিশোরীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন।
মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ২ ডিসেম্বর বাবা-মায়ের অনুপস্থিতিতে রাজিব বাড়িতে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে তিনি তাকে একাধিকবার ধর্ষণ করেন এবং বিয়ের কথা অস্বীকার করেন। কিশোরী ১১ ডিসেম্বর মিরপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ৩০ ডিসেম্বর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগপত্র দাখিল করে।