ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্র বিক্রির অভিযোগে চট্টগ্রাম থেকে মো. মাজেদুল হক হেলালকে গ্রেপ্তার করেছে সিআইডি। মামলার তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, হত্যায় ব্যবহৃত পিস্তলটি নরসিংদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং অস্ত্র আইনে মামলা হয়েছে নরসিংদী থানায়। ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে, ঘটনাস্থলে পাওয়া গুলিগুলো ওই পিস্তল থেকেই ছোড়া হয়েছিল। তদন্তে জানা যায়, অস্ত্রটি ঢাকার এম আইচ আর্মস কোং থেকে আমদানি করা হয় এবং কয়েক দফা বিক্রির পর চট্টগ্রামের হামিদুল হক আর্মস এন্ড কোং দোকানে পৌঁছায়, যার মালিক হেলাল।
রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দোকানের লাইসেন্স ২০১৪ সালের পর নবায়ন করা হয়নি। তদন্তকারীরা জানতে চান, কীভাবে এই অস্ত্রটি হেলালের কাছ থেকে আসামিদের হাতে পৌঁছায়।