২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দলকে আরও শক্তিশালী করতে ফ্রান্সে জন্ম নেওয়া মিডফিল্ডার আইয়ুব বুয়াদিকে দলে নিয়েছে মরক্কো। ফ্রান্সের বয়সভিত্তিক দলের সাবেক অধিনায়ক এই তরুণ ফুটবলার আন্তর্জাতিক পর্যায়ে মরক্কোর প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। ফিফা তার ক্রীড়া জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে, ফলে এখন থেকে তিনি মরক্কোর হয়ে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
ফরাসি ক্লাব লিলের হয়ে খেলা ১৮ বছর বয়সি বুয়াদি ইতোমধ্যে ৯০টির বেশি ম্যাচ খেলেছেন এবং মাত্র ১৬ বছর তিনদিন বয়সে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। দ্বৈত নাগরিকত্বধারী খেলোয়াড়দের দলে টানতে সাম্প্রতিক বছরগুলোতে মরক্কো বেশ সক্রিয়, সম্প্রতি ফ্রান্সে জন্ম নেওয়া ডিফেন্ডার ইসা দিওপ ও সাবেক বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ অধিনায়ক রায়ানে বুনিদাকেও দলে নিয়েছে।
২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠা মরক্কো এবার আরও বড় সাফল্যের লক্ষ্য নিয়েছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য শিগগিরই চূড়ান্ত দল ঘোষণা করবে মরক্কো ফুটবল ফেডারেশন।