প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে। বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরান-সম্পর্কিত জাহাজগুলো ব্লক করছে, এবং এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অবস্থা খারাপের দিকে যেতে পারে। তখন দীর্ঘ সময় ভর্তুকি দিয়ে যাওয়া সরকারের জন্য কঠিন হবে। তিনি আরও বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না, তবে যুদ্ধ চলতে থাকলে কিছু মূল্য সমন্বয়ের প্রয়োজন হতে পারে।
ফেব্রুয়ারি মাস থেকে দেশে খুচরা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।