বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বলেছেন, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি ও অস্থিতিশীলতা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য সমান হুমকি। রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিপিএমইএ নেতাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার বলেন, ব্যবসায়ীরা রাজনীতিতে জড়াতে চান না; তারা ব্যবসা, কর্মসংস্থান ও দেশের অর্থনীতি নিয়ে কাজ করতে চান। বিপিএমইএর পূর্ণাঙ্গ বোর্ড, সাবেক সভাপতি ও উপদেষ্টারা বৈঠকে অংশ নেন। ডা. শফিকুর রহমান প্রায় এক ঘণ্টা খাতটির সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং চিহ্নিত বিষয়গুলো সংসদ ও সংশ্লিষ্ট দপ্তরে উত্থাপনের আশ্বাস দেন। এ জন্য তিনি সংক্ষিপ্ত লিখিত প্রস্তাব চেয়েছেন।
বিপিএমইএ জানায়, তাদের খাত তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, লেদার ও টেরিটাওয়েল শিল্পে সেবা দেয়। নেতারা গ্যাস-বিদ্যুৎ সংকট ও সরকারের প্রত্যাশিত সহযোগিতার অভাবের কথা তুলে ধরেন। সংগঠনটি ৬ থেকে ৯ জানুয়ারি বসুন্ধরা আইসিসিবিতে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার পরিদর্শন এবং লিড সার্টিফাইড কারখানা ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছে।