জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখন সরকারের ভেতরে কে সিদ্ধান্ত নিচ্ছে তা স্পষ্ট নয়। রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনে তিনি বলেন, শেখ হাসিনার সময় সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি পরিষ্কার ছিল, কিন্তু এখন সরকারের ভেতরে একাধিক কেন্দ্র কাজ করছে বলে মনে হচ্ছে।
তিনি অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা থেকে সরে গেছে এবং সংস্কার ও নির্বাচনের বিষয়ে ভণ্ডামি করছে। বিচার বিভাগ, আমলাতন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীতে কাঠামোগত সংস্কার বাস্তবায়িত হয়নি বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিন ধরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের ফলে প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা কমছে এবং নাগরিকদের মধ্যে বঞ্চনার অনুভূতি বাড়ছে।
জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া জরুরি। তিনি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।