ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তিনি জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ করেছেন, যার অর্থ তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এই বক্তব্য আসে এমন সময়ে, যখন ইরান ও যুক্তরাষ্ট্র জেনেভায় পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, খামেনি ২০০০ সালের গোড়ার দিকে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। জেনেভা বৈঠকে উভয় পক্ষ কূটনৈতিক সমাধানে জোর দেবে বলে আশা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি হাতের নাগালে রয়েছে এবং ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার ত্যাগ করবে না।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেন, মার্কিন হামলার পর ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করছে এবং সতর্ক করেন যে এমন প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা তৈরি করবে।