অস্ট্রিয়ার ইউরোপ, ইন্টিগ্রেশন ও পরিবারবিষয়ক মন্ত্রী ক্লডিয়া বাউয়ার মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি ইসলামি সংগঠনকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। শনিবার অস্ট্রিয়ান প্রেস এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রস্তাবিত পদক্ষেপের উদ্দেশ্য চরমপন্থা ও ধর্মীয় মৌলবাদের বিস্তার ঠেকানো। তিনি ইঙ্গিত দেন, অস্ট্রিয়ার আনুষ্ঠানিকভাবে স্বীকৃত বৃহত্তম ইসলামি সংগঠন ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া বা আইজিজিওও এ উদ্যোগের আওতায় পড়তে পারে।
আইজিজিওর ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে কি না জানতে চাইলে বাউয়ার বলেন, এই সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তাঁর মতে, রাজনৈতিক ইসলামের কঠিন দিক হলো এটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যেও গোপনে ছড়িয়ে পড়েছে। ধর্মীয় সম্প্রদায়গুলোর কাছে সীমারেখা কোথায় টানা হবে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
বাউয়ার বলেন, সাংবিধানিক নিষেধাজ্ঞার একটি প্রাথমিক রূপরেখা তিনি অস্ট্রিয়ান পিপলস পার্টির জোটসঙ্গীদের কাছে উপস্থাপন করবেন। এই উদ্যোগের আগে ৩১ আগস্ট চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার ওআরএফকে বলেছিলেন, সরকার ইসলামের নামে মৌলবাদের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চায়।