সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত অডিও রেকর্ডিংকে ঘিরে বিতর্কের মধ্যে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে বৃহস্পতিবার থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। রেকর্ডিংটিতে তার কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য রয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ও মিডিয়া বিভাগের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রচারিত অডিও অংশে ওসিকে শেখ হাসিনার ফেরার প্রত্যাশা এবং পুলিশের দুর্বলতা নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি সেনাবাহিনী, পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কর্মকাণ্ড ও ওসি পদায়ন নিয়েও সমালোচনামূলক বক্তব্য দেন। রেকর্ডিংয়ে আইজিপি, পদায়নে অর্থ লেনদেনের অভিযোগ এবং পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থ নিয়েও মন্তব্য শোনা যায়। আস্তে বলার কারণে রেকর্ডিংয়ের কিছু অংশ বোঝা যায়নি।
অডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ওসি রাকিবুল হাসানকে ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ডিএমপির গঠিত তিন সদস্যের কমিটিই তাকে জিজ্ঞাসাবাদ করবে। কমিটিতে ডিবির একজন এবং ডিএমপি সদর দপ্তরের দুজন সদস্য রয়েছেন। এর আগে গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার ও গুলশান মডেল থানার ওসিকেও দায়িত্ব থেকে সরানো হয়েছিল।