জার্মানভিত্তিক জলবায়ু গবেষণা ও উন্নয়ন সংস্থা জার্মানওয়াচ জানিয়েছে, ১৯৯৬ থেকে ২০২৫ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার চরম আবহাওয়াজনিত ঘটনায় ৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি ডলার। মঙ্গলবার তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ সংস্থাটি ‘ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৭’ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছরে চরম আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ডমিনিকা, মিয়ানমার ও হন্ডুরাস। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ দেশের মধ্যে নয়টিই মধ্যম আয়ের অর্থনীতি; একমাত্র উচ্চ আয়ের দেশ বাহামাস। শুধু ২০২৫ সালে ৩৬৭টি চরম আবহাওয়ার ঘটনায় প্রায় ৩৫ হাজার মানুষ মারা যান, ১০ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং সরাসরি ক্ষতি হয় ১৫ হাজার ৮০০ কোটি ডলারের বেশি।
২০২৫ সালে তাপপ্রবাহে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়, যা ওই বছরের চরম আবহাওয়াজনিত মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশ। ঝড়ে ওই বছর ৬৪৮০ কোটি ডলারের সরাসরি ক্ষতি হয় এবং ১৯৯৬-২০২৫ সময়ে মোট অর্থনৈতিক ক্ষতির ৫৮ শতাংশের জন্য ঝড় দায়ী ছিল। জার্মানওয়াচ অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, নির্গমন কমানো এবং বড় নিঃসরণকারী ও জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর বাড়তি অর্থায়নের আহ্বান জানিয়েছে।