যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন কিউবার শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করছে। ফ্লোরিডার পাম বিচে নিজের মার-আ-লাগো বাসভবনে তিনি এই মন্তব্য করেন, কিউবার দুর্বল অর্থনীতির ওপর কার্যত তেল অবরোধের হুমকি দেওয়ার কয়েক দিন পর। ট্রাম্প কিউবাকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন, ভেনেজুয়েলার সহায়তা না থাকায় দেশটি এখন আরও দুর্বল অবস্থায় রয়েছে। তবে তিনি চুক্তির বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য দেননি।
গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো অপসারিত হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন কিউবার ওপর চাপ বাড়িয়েছে। মাদুরোর ভেনেজুয়েলা ছিল কিউবার ঘনিষ্ঠ মিত্র ও তেল সরবরাহকারী দেশ। গত বৃহস্পতিবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে কিউবাকে তেল সরবরাহকারী দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন, যার পরদিন হাভানায় পেট্রলপাম্পে দীর্ঘ লাইন দেখা যায়।
অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম কিউবায় খাদ্য ও অন্যান্য পণ্যসহ মানবিক সহায়তা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তেল সরবরাহ অব্যাহত রাখতে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছেন। কিউবা সরকার ট্রাম্পের বিরুদ্ধে দেশটিকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধের অভিযোগ তুলেছে।