ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ ব্যবস্থার উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, এটি মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশের যুগান্তকারী পদক্ষেপ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এর ফলাফল ও অভিজ্ঞতা মূল্যায়নের পর পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালুর কথা জানান তিনি। চাঁদাবাজির ঘটনায় সিসিটিভি ও এআই ক্যামেরার রেকর্ড সংরক্ষিত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রকল্পের অধীনে মহাসড়কের ৪৯০টি পিলারে এআই ক্যামেরা বসানো হয়েছে। এগুলো অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং, সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল ও অবৈধ পার্কিং শনাক্ত করবে। তথ্য বিআরটিএর ডেটাবেজে গিয়ে নিবন্ধিত মালিককে এসএমএসে মামলার বিবরণ জানাবে; জরিমানা এমএফএসে পরিশোধ করা যাবে। বারবার লঙ্ঘনে নিবন্ধন বাতিলসহ ব্যবস্থা হতে পারে।