বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দেওয়া একটি বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি কার্যালয়। শুক্রবার, ২১ আগস্ট প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সম্মানিত রাষ্ট্রীয় অতিথির আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবার, ২২ আগস্ট রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো দুপুর ২টা ২৫ মিনিটে বিবৃতিটি প্রকাশ করে, তবে বিকেল শেষ হওয়ার আগেই তা প্রত্যাহার করা হয়। বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন বার্তায় বলা হয়, ২০২৬ সালের ২১ আগস্ট চলতি শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না শিরোনামে দেওয়া প্রেস রিলিজটি প্রত্যাহার করা হলো। এটি সফরের সময়সূচি পরিবর্তনের ইঙ্গিত নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত সমস্যা, তা নিশ্চিত নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম ভারত সফর হওয়ার কথা ছিল। তবে সফর নিয়ে ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভারতে রাষ্ট্র বা সরকারপ্রধানের সফরে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা হয়; এতে গার্ড অব অনার, দুই দেশের জাতীয় সংগীত এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতি থাকে। সাধারণত আগের দিন পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়।