দক্ষিণ লেবাননে ইসরাইলের ধারাবাহিক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন প্যারামেডিকও রয়েছেন। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, টাইর জেলার আল-হাউশ এলাকায় ইসরাইলি ড্রোনের দুটি পৃথক হামলায় ছয়জন নিহত হন। আরব সালিম এলাকার আল-রিসালা অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের প্যারামেডিক আলি সালমান নাদের আল-আইন মহল্লায় ড্রোন হামলায় নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিনত জবেইল এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় পাঁচজন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন চিকিৎসক ও তেবনিন হাসপাতালের কয়েকজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এ ছাড়া সিদ্দিকিন ও আরজুন শহরেও হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতের পর টাইর জেলার দেইর কানুন-রাস আল-আইন শহরে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর সংঘাত আরও তীব্র হয়েছে, সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ঘটনা ঘটছে।
এই ধারাবাহিক সহিংসতায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে।