মিশিগানের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন আবদুল আল-সাইয়েদ। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, ৪২ বছর বয়সী এই ডেমোক্র্যাটের জয়ের মধ্য দিয়ে তিনি মার্কিন সিনেটের প্রথম মুসলিম সদস্য হলেন।
পেশায় মহামারিবিদ ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আল-সাইয়েদ ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ধারার রাজনীতির সঙ্গে যুক্ত। নির্বাচনী প্রচারের সময় তিনি ইসলামবিদ্বেষী বক্তব্য ও রাজনৈতিক বিরোধিতার মুখোমুখি হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান নেতারা তার ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে আক্রমণ করেন।
জয়ের পর সমর্থকদের উদ্দেশে আল-সাইয়েদ বলেন, “আমি আমেরিকাকে ভালোবাসি।” রজার্সকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা ঘৃণাকে বেছে নিয়েছেন, আর মিশিগান বেছে নিয়েছে আশাকে।” নির্বাচনে ইসরাইল-ফিলিস্তিন ইস্যুও গুরুত্বপূর্ণ ছিল। তাকে ঠেকাতে প্রো-ইসরাইলপন্থি একটি সংগঠন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তিন কোটি ডলারের বেশি ব্যয় করে। প্রাইমারিতে পরাজিত কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স শেষ মুহূর্তে তার সমর্থন প্রত্যাহার করে রজার্সের পক্ষে অবস্থান নেন।