পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে। দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি তিনটি বিশেষায়িত লরিতে করে শনিবার সকাল ৬টা ৫ মিনিটে প্রকল্প এলাকায় নেওয়া হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তায় লরিগুলো প্রবেশ করে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্বে ছিলেন।
নতুন চালানসহ রূপপুরে এখন পর্যন্ত ছয়টি চালানে পারমাণবিক জ্বালানি এসেছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালান রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আসার কথা।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত কেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা সফল হলে জেনারেটর জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে নভেম্বরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার লক্ষ্য রয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।