নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো প্রকল্প সরকার গ্রহণ করবে না। রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, এনসিটি পরিচালনার জন্য গ্লোবাল টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড একটি প্রস্তাব দিয়েছে, যা সরকার যাচাই-বাছাই করছে। তিনি জানান, দেশের স্বার্থ ও বন্দরের শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, এনসিটি একটি পূর্ণাঙ্গ সচল টার্মিনাল এবং এর সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। সরকার নিজস্বভাবে না বিদেশি অপারেটরের মাধ্যমে সক্ষমতা বাড়াবে, তা নিয়ে বিশ্লেষণ চলছে। বিদেশি অপারেটর যুক্ত হলে দেশের স্বার্থ কীভাবে রক্ষা করা যায়, সেটিই মূল বিবেচ্য। অতীতে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে শ্রমিকদের সঙ্গে সমন্বয় করা হবে।
তিনি জানান, উন্মুক্ত দরপত্র, জিটুজি ও ডিপিএম—সবই বৈধ পদ্ধতি। ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব জিটুজি পদ্ধতিতে এসেছে, যা পর্যালোচনায় রয়েছে। দেশের স্বার্থ রক্ষা না হলে সরকার উন্মুক্ত দরপত্রে যাবে এবং দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।