বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট আবেদন এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাব্য প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া এবং নিয়ম মেনেই এর সুরাহা করা হবে।
শেখ হাসিনা বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন এবং বাংলাদেশ কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে বলে প্রকাশিত খবর নিয়ে প্রশ্ন করা হয়। এ অবস্থায় কোনো বাংলাদেশি নাগরিক দেশে ফিরতে চাইলে ভারত ভূমিকা নেবে কি না বা বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আবেদনগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত হচ্ছে তা বাংলাদেশ হাইকমিশনের কাছেই জানতে চাওয়া উচিত।
বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে কি না এবং পাসপোর্ট ছাড়া প্রত্যর্পণ সম্ভব কি না—এ প্রশ্নেও তিনি বিষয়টিকে আইনি বলে উল্লেখ করেন। তিনি বলেন, সাধারণত ভ্রমণের জন্য ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন হয়। পাসপোর্ট ছাড়া প্রত্যর্পণের প্রযুক্তিগত ও আইনি খুঁটিনাটি পর্যালোচনা করে পরে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।