সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয় ফ্রান্সের রাজধানী প্যারিসে নতুন সৌদি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ফ্রান্স সফরের সময় এই ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রটি ফরাসি জনগণ এবং আন্তর্জাতিক অঙ্গনের কাছে সৌদি আরবের সংস্কৃতি, ইতিহাস ও সৃজনশীল বৈচিত্র্য তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করবে।
মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রটিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হবে। এটি সৌদি ও ফরাসি শিল্পী, লেখক, বুদ্ধিজীবী এবং অন্যান্য সৃজনশীল ব্যক্তির মধ্যে যোগাযোগ বাড়াতে কাজ করবে। দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা এবং যৌথ উদ্যোগের সুযোগ তৈরিও এর উদ্দেশ্যের অন্তর্ভুক্ত।
মন্ত্রণালয়ের মতে, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পরিসরে সৌদি শিল্পী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতি বাড়াতে সহায়তা করবে। এটি সাংস্কৃতিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় এবং যৌথ সাংস্কৃতিক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে। রিয়াদ বলেছে, এই উদ্যোগ সৌদি-ফ্রান্স সম্পর্কের ক্রমবর্ধমান উন্নয়নের প্রতিফলন এবং এর মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতির পাশাপাশি সমকালীন সৃজনশীল কর্মকাণ্ডও বিশ্বে তুলে ধরা হবে।