অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে মালয়েশিয়াজুড়ে ‘অপস সারসার’ নামে বিশেষ অভিযানে ৫২৮ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ, জেআইএম। ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলা তিন দিনের এ অভিযান সাধারণ মানুষের অভিযোগ, বিভিন্ন তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত হয়। অভিযানে মোট ৬৭৮ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়।
পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগও সেতাপাকের জালান ওয়াংসামাস এলাকার একটি নির্মাণস্থল এবং দাতো কেরামাতের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে পৃথক অভিযান চালায়। ওই দুই স্থানে ৮৩ জন বিদেশিকে যাচাই করে বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগে ৭৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩৭ জন ইন্দোনেশিয়ার, ৩০ জন বাংলাদেশের এবং দুজন নেপালের নাগরিক।
এ ছাড়া টোগো, বুরকিনা ফাসো, মিয়ানমার ও ভারতের একজন করে নাগরিক আটক হয়েছেন। জেআইএম জানিয়েছে, আটক হওয়া অধিকাংশ বিদেশিই অভিযানের সময় কর্মরত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের আটক করা হয়। পরিচয়পত্র বা বৈধ নথি না থাকা, অনুমোদিত সময়ের বেশি অবস্থান এবং বৈধ অনুমতি ছাড়া কাজ করার অভিযোগে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।