ঢাকার মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের মাধ্যমে প্রতারণা নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। মঙ্গলবার মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সন্দেহজনক বা প্রতারণামূলক অনলাইন যোগাযোগের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলা হয়।
দূতাবাস জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কখনো কারও কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। ব্যক্তিগত আর্থিক তথ্যের উদাহরণ হিসেবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও কার্ড নম্বরের কথা উল্লেখ করা হয়েছে।
প্রতারকদের হাত থেকে সুরক্ষার জন্য কেউ মার্কিন কূটনীতিক পরিচয়ে যোগাযোগ করে টাকা বা তথ্য চাইলে সাড়া না দিতে বলা হয়েছে। কোনো প্রলোভন বা অনুরোধে অর্থ পাঠানো থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভুয়া আইডি সম্পর্কে সচেতন থেকে প্রতারণার ফাঁদে না পড়তে সাধারণ মানুষের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে দূতাবাস।