কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুলিবিদ্ধ। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতরা হলেন বকুল, সুমন, আকাইলী ও কদভানু। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালিথা ও মন্ডল বংশের মধ্যে জমিজমা ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার মালিথা বংশের কয়েকজন সদস্য মন্ডল বংশের আব্দুল হান্নানের ছেলে কর্নেলের সেচ মোটর ঘরে তালা লাগিয়ে দেয় এবং ভাঙচুরের চেষ্টা করে। কর্নেল ও তার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। একপর্যায়ে গুলির শব্দ শোনা যায় এবং বকুলের পায়ে গুলি লাগে।
আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো মামলা দায়ের বা কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।