রাজধানীর চানখারপুল এলাকায় জুলাই বিপ্লবের সময় শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার তারিখ আগে ২০ জানুয়ারি নির্ধারিত থাকলেও প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।
প্রসিকিউটর গাজী তামীম জানান, রাষ্ট্রপক্ষ ২৬ জন সাক্ষীর জবানবন্দি ও বহু নথিপত্র, অডিও, ভিডিও এবং ফরেনসিক প্রমাণ উপস্থাপন করেছে। এসব প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে দাবি করে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি, পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে।
এই মামলায় আটজন পুলিশ কর্মকর্তা আসামি, যাদের মধ্যে চারজন কারাগারে এবং বাকিরা পলাতক। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, উস্কানি, সহায়তা ও প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে, পাশাপাশি চারজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে সর্বোচ্চ কর্তৃত্বের দায়ও আরোপ করা হয়েছে।