ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের জোরদার সামরিক অভিযানে গোয়েন্দা তথ্য ও হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। একাধিক সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সৌদি আরবে ১০০-এর বেশি মার্কিন সামরিক উপদেষ্টা কাজ করছেন। হুথিদের অবস্থান শনাক্ত, গোয়েন্দা তথ্য সরবরাহ এবং সেই তথ্যের ভিত্তিতে সৌদি বাহিনীর হামলার লক্ষ্য ঠিক করাই তাঁদের প্রধান কাজ। তাঁরা সম্প্রতি গঠিত একটি যৌথ বাহিনী কমান্ডের অধীনে কাজ করছেন।
যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি প্রায় তাৎক্ষণিকভাবে দেখতে সৌদি আরবকে একটি প্রযুক্তি ব্যবহারে সহায়তা করছে ওয়াশিংটন, যার সঙ্গে পেন্টাগনের ‘ম্যাভেন’ ব্যবস্থার তুলনা করা হয়েছে। ভৌগোলিক তথ্য ব্যবহার করেও হুথিদের অবস্থান ও হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নিচ্ছে না এবং সৌদি যুদ্ধবিমানকে জ্বালানি বা অন্য সামরিক সহায়তাও দিচ্ছে না।
২০২২ সালের যুদ্ধবিরতির পর সৌদি আরব ও হুথিদের মধ্যে সাম্প্রতিক লড়াইকে সবচেয়ে বড় সংঘাত হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার হুথিরা লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ বন্দর দখল করেছে, যা বাব আল-মান্দাব প্রণালির জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন কর্মকর্তারা ইয়েমেনে আইআরজিসির কয়েক শ সদস্য থাকার এবং হুথিদের সঙ্গে কাজ করার আশঙ্কার কথাও জানিয়েছেন।