২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির জন্য ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনিয়ম ও জাল ভোটের কারণে গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি জানান, নির্বাচন কমিশন গঠনে অসামঞ্জস্য ও বুথে টেম্পারিংয়ের কারণে বহু ভোটার ভোট দিতে এসে দেখেন তাদের ভোট আগেই দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে অনিয়ম ও পক্ষপাতিত্ব হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী দুই প্যানেলের সমান সদস্য নিয়ে কমিশন গঠনের পরিবর্তে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ৯০ জন এবং আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেল থেকে ৪১ জন সদস্য নেওয়া হয়, যা নির্বাচনের আগেই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। বার কাউন্সিল ও প্রধান নির্বাচন কমিশনারকে আবেদন করেও কোনো প্রতিকার মেলেনি বলে তিনি অভিযোগ করেন।
ভোট গণনা শেষে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত নীল প্যানেল ২৩টি পদেই জয়লাভ করে। মতিউর রহমান আকন্দ বলেন, অনিয়মের কারণে এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান।