অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সতর্ক করে বলেছেন, জুলাই বিপ্লবকে অবজ্ঞা করা হলে জাতির জন্য বিপর্যয় নেমে আসতে পারে। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মিলনায়তনে ‘আলোর ফেরি’ সংগঠনের আয়োজনে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত দোয়া ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই বিপ্লবের ত্যাগ ও আত্মদানের ইতিহাস জাতির জন্য এক অমূল্য সম্পদ। জুলাই যোদ্ধাদের রক্ত ও শ্রম বৃথা যাবে না, কারণ তাদের আত্মত্যাগের ফলেই অনেকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পেরেছেন, নির্বাসন শেষে দেশে ফিরেছেন এবং অন্যায়ভাবে কারাবন্দি ব্যক্তিরা মুক্তি পেয়েছেন। তিনি আহ্বান জানান, এই ইতিহাস ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণ একটি সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করে এবং অসাংবিধানিক বা অনৈতিক পন্থায় ক্ষমতায় টিকে থাকার প্রবণতা পরিহার না করলে পুনরায় গণঅভ্যুত্থান ঘটতে পারে।