মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি বা মিগার নির্বাহী পরিচালক এবং আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক বা আইবিআরডির পরিচালক পদে ভারতের মনোনীত প্রার্থী নীলকান্ত মিশ্রের জন্য বাংলাদেশের সমর্থন চেয়েছে নয়াদিল্লি। ভারতের অর্থ ও করপোরেটবিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামান বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে পাঠানো কূটনৈতিক চিঠিতে এ সমর্থন প্রত্যাশা করেন।
চিঠিতে বলা হয়েছে, বিশ্বব্যাংক গ্রুপের প্রধান অংশ আইবিআরডি এবং মিগার সংশ্লিষ্ট পদগুলোতে প্রতি দুই বছর পর নিয়মিত নির্বাচন হয়। চলতি বছরও এ দুই সংস্থায় নিয়মিত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। এর আগে বাংলাদেশের সমর্থনে ভারতের পরমেশ্বরণ আয়ার ২০২৪ সালে এই কনস্টিটিউয়েন্সি থেকে আইবিআরডির নির্বাহী পরিচালক ও মিগার পরিচালক নির্বাচিত হয়েছিলেন।
নীলকান্ত মিশ্র পরমেশ্বরণ আয়ারের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। মিগা উন্নয়নশীল দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে রাজনৈতিক ঝুঁকি বীমা বা গ্যারান্টি দেয়। আইবিআরডি উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশগুলোকে দীর্ঘমেয়াদি ঋণ, গ্যারান্টি এবং আর্থিক ও নীতিগত পরামর্শ দেয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন প্রকল্পে অংশীদারত্ব বজায় রেখেছে।