ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ আসনের দুর্গম চরাঞ্চল ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে চরাঞ্চলে বাস্তবভিত্তিক মহড়া শুরু হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলছড়ি ও সাঘাটার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলগুলো যোগাযোগব্যবস্থা দুর্বল, বিচ্ছিন্নতা বেশি এবং জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হওয়ায় এসব এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় পরিচালিত মহড়ায় দুর্গম কেন্দ্রে সেনা মোতায়েন, হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও রসদ সরবরাহ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দ্রুত প্রতিক্রিয়ার কৌশল অনুশীলন করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং প্রয়োজনে নৌপথ ও আকাশপথে দ্রুত জনবল ও সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা রয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ প্রস্তুতি নির্বাচন পর্যন্ত চলবে।