ফেনীতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা বেড়েছে বলে জানা গেছে। অর্থ জোগান, নেতৃত্ব ও হুমকি দিচ্ছেন দলটির পলাতক নেতারা। ১৭ জুন রাতে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ প্রশাসনকে হুমকি দেন। তিনি অভিযোগ করেন, পুলিশ ভুয়া মামলা ও চার্জশিট দিয়েছে এবং দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত ফিরে আসার ইঙ্গিত দেন।
এর আগে একই দিন সকালে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে শহরের স্টেশন রোডে ঝটিকা মিছিল হয়। নাসিম ফেসবুকে মিছিলের ভিডিও শেয়ার করে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। নিষিদ্ধ দলটির পেজে দাবি করা হয়, মিছিলটি সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে হয়েছে।
ফেনী মডেল থানার ওসি জানান, মিছিলে অংশ নেওয়া চারজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, অবৈধ তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।