মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সহযোগিতা করুক বা না করুক, হরমুজ প্রণালি খুব শিগগির খুলে যাবে। শুক্রবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের শান্তি আলোচনার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তেহরানের কার্যকর অবরোধে এই গুরুত্বপূর্ণ জলপথে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চল খুলে দেবে এবং অন্যান্য দেশও এতে সহায়তা করতে প্রস্তুত। তবে তিনি স্বীকার করেন, এটি সহজ কাজ নয়, কিন্তু খুব শিগগিরই প্রণালিটি খুলে দেওয়া হবে। ওয়াশিংটন কীভাবে অবরোধ দূর করবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি, তবে ইরানের আরোপিত টোল মেনে নেবেন না বলে উল্লেখ করেন।
ইসলামাবাদে আলোচনায় ইরানের সম্পদ ও লেবানন যুদ্ধবিরতি মূল ইস্যু হিসেবে উঠে এসেছে, যেখানে জাতিসংঘ মহাসচিব উভয় পক্ষকে গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়েছেন।