টানা বৃষ্টি ও বন্যায় চট্টগ্রামের কৃষি খাতে বড় ধরনের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলার ১৬টি উপজেলার ১৫ হাজার ৯১১ হেক্টরের বেশি আউশ ধান, আমনের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির আর্থিক পরিমাণ ৪০০ কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে প্রায় ২০ হাজার নলকূপ ও ৫ হাজারের বেশি টয়লেট ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাঁশখালী, সন্দ্বীপ, চন্দনাইশ, ফটিকছড়ি ও সাতকানিয়া উপজেলায়। অনেক কৃষককে নতুন করে আমনের বীজতলা তৈরি করতে হবে, ফলে উৎপাদন ব্যয় বাড়বে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সতর্ক করেছেন, দূষিত নলকূপের পানি ব্যবহারে ডায়রিয়া, টাইফয়েডসহ পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জরুরি ভিত্তিতে নলকূপ পুনঃস্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।