ঢাকায় শনিবার এক গোলটেবিল আলোচনায় বক্তারা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরিচালনা, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো কোনো বিদেশি শক্তির আধিপত্য বিস্তার বা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স এ আলোচনা আয়োজন করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বন্দরটির পূর্ণ নিয়ন্ত্রণ দেশের হাতে থাকা প্রয়োজন, যাতে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভবিষ্যতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পরিণত না হয়। অবসরপ্রাপ্ত কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়া অন্য দেশের পণ্য দেশের নিয়ন্ত্রণে থাকতে হবে। সাবেক সিনিয়র সচিব মো. সফিউল্লাহ বলেন, নীতি কোনো দেশের বিরুদ্ধে নয়; বরং অর্থনৈতিক উন্নয়ন ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য হওয়া উচিত।
বক্তারা প্রকল্পের ঋণ ও ব্যয়ের স্বচ্ছতা, সংসদীয় নজরদারি এবং সোনাদিয়া ও মাতারবাড়ীর তুলনামূলক ব্যয়-সুবিধা মূল্যায়নের সুপারিশ করেন। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ন্যায্য মাশুল ও সমতাভিত্তিক ট্রানজিট চুক্তির কথাও বলা হয়। পাশাপাশি অভ্যন্তরীণ যোগাযোগ উন্নয়ন, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সমন্বয়, আন্তর্জাতিক মানের প্রযুক্তি, বন্দরভিত্তিক শিল্পায়ন এবং উপকূলীয় পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষার ওপর জোর দেওয়া হয়।