বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সোমবার ঢাকার বনানী ডিওএইচএস খেলার মাঠে প্রায় ৫৫ জন তরুণ-তরুণীর সঙ্গে এক ব্যতিক্রমধর্মী ‘চায়ের আড্ডা’য় অংশ নেন। দেশের ভবিষ্যৎ নিয়ে তরুণদের ভাবনা, প্রত্যাশা ও স্বপ্ন শোনার উদ্দেশ্যে এই আড্ডার আয়োজন করা হয়। জাইমা রহমান উপস্থিতদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
আলোচনায় তিনি নারী ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ, ঢাকাসহ বড় শহরগুলোর যানজট সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানটি ছিল প্রচলিত সভা বা বক্তৃতামূলক আয়োজনের বাইরে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
শেষ অংশে তিনি নির্দিষ্ট স্থানে বক্তব্য না দিয়ে তরুণদের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলেন এবং চা, চটপটি, জিলাপি ও ঝালমুড়ি উপভোগ করেন, যা আয়োজকদের মতে আড্ডাটিকে আরও প্রাণবন্ত ও আন্তরিক করে তোলে।