আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সক্রিয় লঘুচাপ এবং দক্ষিণ বঙ্গোপসাগরের স্বাভাবিক মৌসুমি লঘুচাপের প্রভাবে এই পরিবর্তন দেখা দিতে পারে। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববার (৮ মার্চ) সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শনিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার ও সোমবারও একই পাঁচ বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিমা লঘুচাপ ও বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের সংমিশ্রণে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।