সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশ পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ ভ্যান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২০২৫–২৬ অর্থবছরে এসব যানবাহন সরবরাহ করবে।
প্রস্তাব অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়াতে এই পিকআপগুলো কেনা হচ্ছে। অর্থ বিভাগের সম্মতি নিয়ে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দরপ্রস্তাব আহ্বান করা হয় এবং টিইসি প্রস্তাবটি গ্রহণযোগ্য বলে বিবেচনা করে।
নতুন যানবাহন যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।