কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত কিশোর ইমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন। এ ঘটনার পর শহরজুড়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ১৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।
সোমবার দুপুর ১টা ১১ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকায় হামলাটি ঘটে। নির্বাচনি পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এসে ইমন ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত হয়। তাকে রক্তাক্ত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, সে আশঙ্কামুক্ত রয়েছে।
সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। হামলার পর পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে গেলেও পুলিশের নজরদারি ও সাঁড়াশি অভিযানে সে গ্রেপ্তার হয়। ভুক্তভোগীর পরিবারের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিক্ষার্থী কিছুটা সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করবে পুলিশ। আটক ১৪ জনের পরিচয় ও অপরাধে সংশ্লিষ্টতা যাচাই চলছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।