বাংলাদেশ সরকার ২০২৬ সালের বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ করেছে। আগামী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। ধানের দাম প্রতি কেজি ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা ও গম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে সরকারি গুদামে ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন চাল মজুত রয়েছে এবং ১৩ লাখ মেট্রিক টন ‘নিরাপত্তা মজুত’ বাধ্যতামূলক। প্রয়োজনে এ মজুত ২৪–২৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব। অনুকূল আবহাওয়ার কারণে বাম্পার ফলনের আশা করা হচ্ছে, ফলে চাল আমদানির প্রয়োজন নেই। তবে গমের ক্ষেত্রে দেশীয় উৎপাদন কম হওয়ায় এটি আমদানিনির্ভর।
সরকার জি-টু-জি ও ওপেন টেন্ডার পদ্ধতিতে ৮ লাখ মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ৭ লাখ মেট্রিক টনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আঞ্চলিক চাহিদা অনুযায়ী সংগ্রহ ও সরবরাহ সমন্বয় করা হবে যাতে কোথাও খাদ্য ঘাটতি না হয়।