পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং নিরাপত্তা সহযোগিতা জোরদারকে গুরুত্ব দিয়েছেন। বুধবার রাওয়ালপিন্ডির সেনাসদরে এ বৈঠক হয়। পাকিস্তানি সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, চার দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন রুশ স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাকিস্তান ও রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং সমন্বয় উন্নত করার ওপর জোর দেন দুই পক্ষ। আসিম মুনির পাকিস্তানের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর করা এবং অভিন্ন স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কোলোকোলৎসেভ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তানের অবদানের প্রশংসা করেন এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে দেশটির সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও ত্যাগের কথা উল্লেখ করেন। একই দিনে সংগঠিত অপরাধ দমনে সহযোগিতা ও তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক সই করতে সম্মত হয় মস্কো ও ইসলামাবাদ। প্রত্যর্পণ ও বন্দি হস্তান্তরসংক্রান্ত চুক্তি চূড়ান্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।