নরসিংদীর শিবপুরের ভরতেরকান্দি এলাকায় পারিবারিক বিরোধের জেরে বাবাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগে শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান এ তথ্য জানান। নিহত আব্দুল বাছেদ পেশায় কবিরাজ ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে চিৎকার শুনে স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা কক্ষে গিয়ে শাকিলকে বাবাকে ছুরিকাঘাত করতে দেখেন। বাধা দিতে গেলে শাকিল তার মা সখিনা বেগম ও ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যান বলে পুলিশ জানায়। আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর নুরুন্নবী রাশেদ বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা করেন। শুক্রবার রাতে গাজীপুরের পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে শিবপুর থানা পুলিশ ও জেলা পুলিশের বিশেষ দল শাকিলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতের পেট থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার এবং অভিযুক্তের শয়নকক্ষ থেকে একটি কুড়াল জব্দ করা হয়েছে। বিরোধের সঠিক সূত্রপাত ও অন্য কোনো কারণ ছিল কি না, তা তদন্ত করছে পুলিশ।