যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় এগোতে ডেটা সেন্টার নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়া দ্রুত করছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলকে এআই পরাশক্তি করার লক্ষ্য ঘোষণা করেছেন। সেপ্টেম্বরে তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে দেশটি তৃতীয় এআই শক্তিতে পরিণত হবে। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে ফেব্রুয়ারিতে সরকার এআই ডেটা সেন্টার নির্মাণ ত্বরান্বিত করার পরিকল্পনা অনুমোদন করে।
এই পরিকল্পনার বড় প্রকল্প ওফেক ডেটা সেন্টার, যা আশদোদ বন্দরনগরীর উত্তরে নির্মাণাধীন এবং ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে চালুর কথা। সার্ভারফার্ম ও ইসরাইল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডসহ একটি জোট এ প্রকল্পে অর্থায়ন করছে। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ডলার; ভবিষ্যৎ সম্প্রসারণে আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এনভিডিয়ার ডেটা সেন্টার জিপিইউ ব্যবহারকারী কেন্দ্রটির প্রাথমিক বিদ্যুৎ সক্ষমতা হবে ১৩০ মেগাওয়াট।
তবে বিদ্যুতের প্রাপ্যতা বড় বাধা হয়ে আছে। জাতীয় গ্রিডে সংযোগের চাহিদা বৃদ্ধির কারণে গত মাসে নতুন সব ডেটা সেন্টারের সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমিত করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুৎ ও পূর্ব ভূমধ্যসাগরের গ্যাসক্ষেত্র ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। প্রতিবেদন অনুযায়ী, আশদোদ বন্দরের পাশে প্রস্তাবিত ৮৫০ মেগাওয়াট গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে ওফেক সরাসরি বিদ্যুৎ পেতে পারে।