ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন রোববার বিকেল ৩টায় পুনরায় শুরু হয়েছে। প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ মুলতবি ঘোষণা করা হয়েছিল ২৯ মার্চ পর্যন্ত। এবার অধিবেশন উত্তপ্ত হতে পারে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার)’ ও ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ নিয়ে। বিরোধী দল জামায়াতসহ তাদের জোটের সদস্যরা এসব বিষয়ে আলোচনার দাবি জানিয়ে একাধিক নোটিশ জমা দিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
দিনের কর্মসূচিতে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে বিধি-৭১ অনুযায়ী প্রাপ্ত নোটিশগুলোর নিষ্পত্তি হয়েছে। অধিবেশনটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ১১৩টিতে সরকার ও বিরোধী দল একমত হয়েছে, বাকি ২০টি নিয়ে আজ রাতে তৃতীয় বৈঠক হবে। সংবিধান অনুযায়ী, অধ্যাদেশগুলো ৩০ দিনের মধ্যে পাস না হলে বাতিল হয়ে যাবে, তাই ১২ এপ্রিলের মধ্যে পাস সম্পন্ন করতে হবে।